Published : 04 Aug 2026, 09:02 PM
ভুয়া জন্ম নিবন্ধন সনদ ইস্যুর অপরাধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক সচিবকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এই আদেশ দেন।
দণ্ডিত ৫৩ বছরে বয়সি নুরুল আলম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উত্তর মানিকপুর গ্র্র্র্রামের মৃত আবু সালামের ছেলে।
দুদকের পিপি মোকাররম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অস্তিত্বহীন চার ব্যক্তির নামে জন্ম নিবন্ধন সনদ ইস্যুর অভিযোগ প্রমাণিত হওয়ায় নুরুল আলমকে তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরো তিনমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
“আসামি নুরুল আলম পলাতক। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”
মামলার নথিতে বলা হয়, নুরুল আলম নিজে লাভবান হয়ে ও ক্ষমতার অপব্যবহার করে পেকুয়া উপজেলার মগানামার কাকপাড়ার ঠিকানায় ছৈয়দ আহমদ, মো. ইউনুছ, শামসুন্নাহার ও রহিম উল্লাহ নামে চারটি জন্ম নিবন্ধন সনদ ইস্যু করেন। কিন্তু দুদকের তদন্তে দেখা যায়, এই নামের কোনো ব্যক্তির অস্তিত্ব নেই।
তদন্ত শেষে দণ্ডবিধির ৪২০ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে নুরুল আলমের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০২০ সালের ২০ জানুয়ারি তদন্ত শেষে দুদকের সে সময়ের উপসহকারী পরিচালক রিয়াজ উদ্দিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এই রায় দেওয়া হয়।