Published : 11 May 2026, 08:59 PM
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রামে নতুন ভারতীয় সহকারী হাই কমিশনার হরিশ কুমার।
সোমবার বিকালে নগরীর টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে এ সাক্ষাৎ হয় বলে সিসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাক্ষাতের সময় সিটি মেয়র চট্টগ্রামবাসীর ভারত ভ্রমণ সহজ করতে মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা দেওয়ার হার ও গতি বাড়াতে সহকারী হাই কমিশনারকে অনুরোধ জানান।
সাক্ষাৎকালে মেয়র শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামের বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা গ্রহণ এবং পর্যটনের উদ্দেশ্যে ভারতে যান। বিশেষ করে আজমীর শরীফ, নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ, আগ্রার তাজমহল এবং হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন তীর্থস্থান থাকার কারণে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ ভারত ভ্রমণ করেন।
“চট্টগ্রামের এই মানুষদের সুবিধার্থে মেডিকেল এবং ট্যুরিস্ট ভিসা প্রদানের হার ও গতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।”
মেয়র শাহাদাত চট্টগ্রাম সিটি করপোরেশনের নাগরিক সেবাদান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভারতীয় সহকারী হাইকমিশনারকে অবহিত করেন।
মেয়র নবনিযুক্ত সহকারী হাইকমিশনারকে চট্টগ্রামে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনকালে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাত শেষে সহকারী হাইকমিশনারকে শুভেচ্ছা স্মারক উপহার দেন মেয়র।