০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সারাদেশে একসঙ্গে এইচএসসি পরীক্ষা নেওয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডে চারটি পরীক্ষা স্থগিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 03:10 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

সারাদেশে একসঙ্গে এইচএসসি পরীক্ষা নেওয়াসহ তিন দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ দেখিয়েছেন একদল শিক্ষার্থী। 

মঙ্গলবার সকালে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।  

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোহেল পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে এইচএসসি পরীক্ষার্থী এক দল শিক্ষার্থী শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছিল। পরে তারা সেখান থেকে সরে গিয়ে ষোলশহর ২ নম্বর গেইট মোড়ে অবস্থান নিয়েছেন। 

“আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়ার চেষ্টা করছি।” 

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সারাদেশে প্রতিটি শিক্ষা বোর্ডে একসঙ্গে পরীক্ষা গ্রহণ করতে হবে। কোনো একটি বোর্ডে পরীক্ষা স্থগিত রেখে অন্য বোর্ডে পরীক্ষা নেওয়া যাবে না। 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত সোমবার যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। সাম্প্রতিক বন্যায় যেসব শিক্ষার্থীর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দ্রুত নতুন করে তা সরবরাহ করতে হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডে আগে থেকেই আগামী ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা আছে। সব মিলিয়ে আমাদের চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

“তবে আজকে কিছু শিক্ষার্থী সারা দেশে এক সাথে পরীক্ষা নেওয়া, বাকি পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবি নিয়ে এসেছিল এবং স্মারকলিপি জমা দেওয়ার কথা জানিয়ে গেছে।”