Published : 26 Jul 2026, 05:22 PM
চট্টগ্রামে দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে আরো ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় ঘোষণার সময় আসামি আকতার সর্দার আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
দণ্ডিত ২৭ বছর বয়সি আকতার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় আকতার চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।
মামলার নথির তথ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি নগরীর মাদারবাড়ি এলাকার একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। মেয়েটির বাবা জুতার কারখানার কর্মী ও মা পোশাক কারখানায় চাকরি করেন। প্রতিবেশী হওয়ায় আকতারের শিশুটির পরিবারে আসা-যাওয়া ছিল।
২০২২ সালের ২ জুলাই মা-বাবা কাজে চলে গেলে বাসায় একা ছিল শিশুটি। দুপুরে আকতার বাসায় ঢুকে শিশুটিকে ধর্ষণ করে এবং ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। ভয়ে শিশুটি চারদিন কাউকে কিছু বলেনি। পরে ওই বছরের ৬ জুলাই মেয়ের মা ঘটনা জানতে পারেন। অতিরিক্ত রক্তক্ষণের কারণে শিশুটিকে সে সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ৭ জুলাই শিশুটির বাবা সদরঘাট থানায় মামলা করলে পুলিশ আকতারকে গ্রেপ্তার করে।
তদন্ত শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২৪ সালের ১৫ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত এই রায় দিল।