এইচএসসি: চট্টগ্রামে অনুপস্থিত ৯৭৫
চট্টগ্রাম, পার্বত্য তিন জেলা ও কক্সবাজার জেলার মোট ৯৩ হাজার ১৪৪ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।
এইচএসসি পরীক্ষা শুরুর দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নয়শোর বেশি শিক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত ছিলেন।
এছাড়া তিন শিক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছে।
রোববার বাংলা প্রথমপত্র পরীক্ষা হয়েছে। পরীক্ষায় চট্টগ্রাম, পার্বত্য তিন জেলা ও কক্সবাজার জেলার মোট ৯৩ হাজার ১৪৪ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব এম মুজিবুর রহমান বলেন, “ ৯৭৫ জন শিক্ষার্থী এদিন অনুপস্থিত ছিলেন।”
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, পাঁচ জেলায় ১১৫টি কেন্দ্রের অধীনে এ বছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ৬৯টি, কক্সবাজারে ১৮টি, বান্দরবানে আটটি এবং রাঙামাটি ও খাগড়াছড়িতে ১০টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে।
চট্টগ্রাম জেলায় ৬৮ হাজার ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭৩ জন এবং কক্সবাজারে ১১ হাজার ৫৪৮ জনের মধ্যে ১৩৬ জন অনুপস্থিত ছিলেন।
এছাড়া রাঙামাটিতে ৪ হাজার ৬৩৯ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৪ হাজার ৫৮৪ জন, খাগড়াছড়িতে ৫ হাজার ২৯৯ জনের মধ্যে ৫ হাজার ২৫৪ জন এবং বান্দরবান জেলায় ৩ হাজার ১৯৪ জনের মধ্যে ৩ হাজার ১২৮ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
বন্যা পরিস্থিতির কারণে সিলেট বাদে এদিন দেশের ১০টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৮ হাজার ৩৭৩ শিক্ষার্থী এ বছর পরীক্ষায় বসে।
এবারের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১১ অগাস্ট। ১২ অগাস্ট থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, শেষ হবে ২১ অগাস্ট।
