Published : 20 Aug 2026, 08:59 PM
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে দুর্ঘটনায় আহত আরেকজন মারা গেছেন।
গত ১৪ অগাস্টের ওই ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হল।
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিক ৪২ বছর বয়সি ইদ্রিস আলী বুধবার রাতে মারা যান। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়।
বৃহস্পতিবার রাত ৮টায় সীতাকুণ্ডের ইউএনও ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনায় আহত শ্রমিক ইদ্রিস আলী বেসরকারি ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে তিনি মারা যান।”
সীতাকুণ্ডের ভাটিয়ারিতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে গত ১৪ অগাস্ট ‘এমটি রাসি’ নামে একটি পুরনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৯ শ্রমিক মারা যান, আহত হন কমপক্ষে সাতজন।
নিহত অন্য শ্রমিকরা হলেন- মতিউর রহমান (১৯), সানি জলদাস (২৩), পলাশ জলদাস (৩৫), হাবিবুর রহমান (৫১), মোহাম্মদ মনসুর (৫৫), নাসির উদ্দিন (৫১), আবদুল আলীম (৩৬), রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৩)।
ওই ঘটনার পর ফেরদৌস স্টিলের সব প্রকার কার্যক্রম স্থগিত করা হয়। ঘটনা তদন্তে দুটি সরকারি তদন্ত কমিটি ও একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে।