১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চমেকে রেখে যাওয়া লাশটি কার?

সকালে তাকে হাসপাতালে নিয়ে আসেন দুই নারী, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 06:00 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যাওয়া এক তরুণীর লাশের পরিচয় খুঁজছে পুলিশ। 

শনিবার সকালে এক তরুণীকে অটোরিকশায় করে নিয়ে আসেন দুই নারী। পরে তারা সটকে পড়েন বলে পুলিশের ভাষ্য। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে দুই নারী এ তরুণীকে সিএনজি অটোরিকশা করে হাসপাতালে নিয়ে আসেন। পরে তারা ওই তরুণীকে রেখে উধাও হয়ে যায়। 

“তরুণীকে চিকিৎসক মৃত ঘোষণার পর হাসপাতালের কর্মীরা দুই নারীকে খুঁজতে থাকে। তাদের কোনো হদিশ না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।” 

এসআই আশেক বলেন, “আনুমানিক ২২ বছর বয়সী ওই তরুণীর নাকে ফেনা ছিল। আমাদের কাছে প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। তাই তার স্বজনদের খোঁজ করছি।” 

তরুণীর লাশের ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করা হলেও বিকাল ৫টা পর্যন্ত কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি। 

তরুণীর পরিচয় শনাক্ত করা গেলে পুলিশের তরফে  ০১৩২০০৫২২০৬ অথবা ০১৮৩০৭৩৬৯৭৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।