১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে নিজের মাথায় গুলি সাবেক ব্যাংকারের, মৃত্যু

পুলিশ বলছে কাজকর্ম না থাকায় তিনি ‘মানসিকভাবে বিপর্যস্ত’ ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 02:09 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়ায় নিজ বাসায় মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। 

ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় শনিবার ৪৫ বছর বয়সি শাহিদ হোসেনের বাসায় ওই ঘটনা ঘটে। তিনি ব্যাংকে চাকরি করতেন। দুই বছর হল তিনি আর চাকরিতে ছিলেন না।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, “সকাল ৮টার দিকে শাহিদ হোসেনকে নিয়ে আসা হয়। তার স্ত্রী জানিয়েছেন, শাহিদ হোসেন বাসার ড্রয়িং রুমে নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন। 

“গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তিনি মারা যান।”

ডবলমুরিং থানার এসআই মো. আব্দুল গফুর বলেন, চাকরি ছাড়ার পর থেকে শাহিদ ঋণগ্রস্ত হয়ে পড়েন। 

“কাজকর্ম না থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”

যে পিস্তলটি দিয়ে গুলি করা হয়েছে সেটি কার জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমরা এখনো তথ্য সংগ্রহ করতে পারিনি।” 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (ডবলমুরিং) খায়রুল বাশার বলেন তারা অস্ত্রটি জব্দ করেছের। 

“উনাকে ঘটনার পরপরই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা গেছেন।আইনগত প্রক্রিয়া চলছে। তবে এখনই নিশ্চিত করে ঘটনার কারণ বা কিভাবে ঘটেছে এ বিষয়ে বলতে পারছি না।”