Published : 23 Oct 2025, 10:51 PM
স্তন ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক শনাক্তকরণ গুরুত্বর্পূণ এবং এর জন্য সঠিক চিকিৎসার সঙ্গে সচেতনতা ও সামাজিক সহানুভূতি প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে ‘চিকিৎসা, সহানুভূতি ও সমাজ-একত্রে স্তন ক্যান্সার প্রতিরোধ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এ মত প্রকাশ করেন।
বৈঠকে স্তন ক্যান্সারের চিকিৎসায় সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরে সেবা বিকেন্দ্রীকরণে জোর দেওয়া হয়।
‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহায়তায় বেসরকারি হাসপাতাল সিএসসিআর, পোস্ট গ্র্যাজুয়েট সার্জারি (পিজিএস) একাডেমিয়া এবং স্থানীয় দৈনিক পূর্বকোণ এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বৈঠকের সঞ্চালক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক খন্দকার এ কে আজাদ বলেন, স্তন ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক শনাক্তকরণ, সঠিক চিকিৎসা এবং সামাজিক সহানুভূতি- এই তিনটি একত্রে জীবন বাঁচাতে পারে। স্তন ক্যান্সার রুখতে নারীদের সাহস রাখতে হবে, সচেতন হতে হবে এবং পরিবারের সদস্যদের সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, “প্রাথমিক শনাক্তকরণই এই ক্যান্সার থেকে রক্ষার উত্তম সুরক্ষা। তাই ক্যান্সার শুধু এখন প্রতিরোধ নয়, এটি একটি জাতীয় দায়িত্ব এবং সামাজিক আন্দোলন।”
স্তন ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সেবা বিকেন্দ্রীকরণে গুরুত্বারোপ করে ডা. খন্দকার আজাদ বলেন, অনেক কিছু ঢাকার ওপর র্নিভর করতে হয়। কিছু সুবিধা চট্টগ্রামের হাসপাতালগুলোতে করলে এ এলাকার রোগীগুলো এখানেই চিকিৎসাটা নিতে পারবেন।
বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা কার্যক্রম সারাদেশে সাড়া জাগিয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা সকলেই এই সচেতনতা কার্যক্রমে অংশ নিয়েছে।
সিটি করপোরেশনের সহযোগিতায় সিএসসিআর ও পিজিএস একাডেমিয়া অক্টোবর মাস জুড়ে স্তন ক্যান্সার সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালন করছে।
গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, আইসিডিডিআরবি‘র জ্যেষ্ঠ পরিচালক ড. মুস্তাফিজুর রহমান, সিএসসিআর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. শামসুন্নাহার, মানসিকরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মাহফুযুল হক, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ডা. রওশন মোরশেদ, সার্জারি বিভাগের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম।
এছাড়া রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ডা. ফারহানা আকতার, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাকেরা আহমেদ, সহকারী অধ্যাপক ডা. নাজমা মাহবুব, সহকারী অধ্যাপক ডা. সায়েরা বানু শিউলী, ক্যান্সার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাকিবুল হাসান ও দৈনিক পূর্বকোণের প্রধান প্রতিবেদক সাইফুল আলম বক্তব্য রাখেন।