৩১ মার্চ থেকে চট্টগ্রামে ‘স্বাধীনতা বইমেলা’
নগরীর জিমনেসিয়াম মাঠকে মেলার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে মার্চ মাসের শেষ দিন থেকে নগরীর জিমনেসিয়াম মাঠে হবে ‘স্বাধীনতা বইমেলা’।
সোমবার নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে ‘স্বাধীনতা বইমেলা ও মহান স্বাধীনতা দিবস–২০২৬ উদযাপন’ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় মেয়র শাহাদাত হোসেন এই ঘোষণা দেন।
৩১ মার্চ থেকে শুরু হয়ে বইমেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
মেয়র বলেন, “প্রতি বছর ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে একুশে বইমেলার আয়োজন করা হয়ে থাকে। তবে এ বছর জাতীয় নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতির কারণে প্রকাশক ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে সেই আয়োজন করা সম্ভব হয়নি।
“নির্বাচনী কার্যক্রম শেষ হওয়ায় এখন সংশ্লিষ্ট সবার পরামর্শক্রমে স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে স্বাধীনতা বইমেলার আয়োজন করা হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর জিমনেসিয়াম মাঠকে মেলার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।”
৩১ মার্চ বইমেলার উদ্বোধনী দিনে জাতির কৃতি সন্তানদের অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা সম্মাননা পুরস্কার’ দেওয়া হবে বলে জানান মেয়র।
তিনি বলেন, “বইমেলা শুধু বই বিক্রির আয়োজন নয়; এটি একটি সাংস্কৃতিক আন্দোলন। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
“বইমেলার আয়োজনকে আরও সমৃদ্ধ করতে বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত অ্যাকাডেমিশিয়ান, লেখক, গবেষক এবং বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে। পাশাপাশি প্রকাশক ও পাঠকদের অংশগ্রহণে মেলাকে প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে।”
অন্যদের মধ্যে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু এবং সাধারণ সম্পাদক মো. সোহেল রানা সভায় বক্তব্য দেন।
