১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাউজানে ‘বিতণ্ডার পর’ যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

মুদি দোকানে বসা মজিদকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 09:54 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

চট্টগ্রামের রাউজানের একটি বাজারে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবদুল মজিদ ৪ নম্বর ওর্য়াড যুবদলের সভাপতি ছিলেন বলে রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

৫৬ বছর বয়সি মজিদের বাড়ি অলি মিয়ার হাট এলাকায়।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, “সন্ধ্যার দিকে মজিদের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের কথা কাটাকাটি হয়। পরে দুর্বৃত্তরা এসে একটি মুদি দোকানে বসা মজিদকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মজিদ মারা যান।”

ওসি বলেন, “গুলি করা দুর্বৃত্তরা ওই এলাকারই লোকজন বলে মনে হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”