Published : 13 Jul 2026, 03:27 PM
চট্টগ্রামে দুবাই ফেরৎ এক যাত্রীর কাছ থেকে দুই কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমান বন্দরে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ফ্লাই দুবাইয়ের এয়ারলাইন্সের এফজেড ৪৬৩ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম আসা এক যাত্রীর কাছ থেকে সোমবার স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
আটক যাত্রীর নাম শহীদুল আলম চৌধুরী, তিনি চট্টগ্রামের মিরাসরাই উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক শহীদুল পায়জামার বেল্টে এবং অ্যান্ডারওয়ারের ভেতরে করে বিশেষ কায়দায় স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণগুলো নিয়ে এসেছিলেন।

“বিমান বন্দরে তিনি ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে তল্লাশি করে এসব স্বর্ণ জব্দ করে।”
উদ্ধার করা স্বর্ণের ওজন দুই কেজি ১৬ গ্রাম। এগুলোর আনুমানিক বাজার দাম তিন কোটি ৫৬ লাখ টাকা বলে জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানিয়েছেন।