১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শাহ আমানতে ছয় দিনে ৫০ ফ্লাইট বাতিল

বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার দুটি করে বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে।

শাহ আমানতে ছয় দিনে ৫০ ফ্লাইট বাতিল
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 01:05 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ছয় দিনে ৫০টি ফ্লাইট বাতিল হওয়ার তথ্য দিয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার দুটি করে মোট চারটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে হয়েছে বলে জানিয়েছেন বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুদাবি, শারজাহ ও দোহায় বিমান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে গত ছয়দিনে চট্টগ্রাম থেকে বিভিন্ন সংস্থার মোট ৫০টি বহির্গমন ও আগমনী ফ্লাইট বাতিল হয়েছে।

কুয়াশার কারণে অবতরণ বিঘ্নিত

জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম জানান, মাস্কাট থেকে আসা সালাম এয়ারওয়েজের ওভি-৪০১ ফ্লাইটটি সকাল ৭টা ৫৫ মিনিটে চট্টগ্রামে অবতরণের কথা থাকলেও কুয়াশার কারণে অবতরণ করতে না পেরে সেটি ঢাকা চলে যায়। পরে বেলা ১০টা ৫৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। পরে ওভি-৪০২ হিসেবে ফ্লাইটটি মাস্কাটের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে গেছে।

ইরানের ওপর শনিবার মার্কিন-ইসরায়েলি হামলা করলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।

এ পরিস্থিতিতে শাহ আমানত বিমানবন্দরে ২৮ ফেব্রুয়ারি তিনটি করে বহির্গমন ও আগমনী ফ্লাইট বাতিল হয়। ১ মার্চ তিনটি বহির্গমন ও সাতটি আগমনী, ২ মার্চ চারটি বহির্গমন, একটি আগমনী, মঙ্গলবার চারটি বহির্গমন ও তিনটি আগমনী, বুধবার ছয়টি বহির্গমন ও পাঁচটি আগমনী ফ্লাইট এবং বৃহস্পতিবার চারটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে।