১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কলকাতায় ছিনতাই হওয়া আইফোন চট্টগ্রামে উদ্ধার, বুঝে পেলেন মালিক

চক্রের সদস্যরা গোয়েন্দা পুলিশের তৎপরতা বুঝতে পেরে মোবাইল ফোনটি এসআই রবিউল ইসলামের কাছে এক ব্যবসায়ীর মাধ্যমে পাঠিয়ে দেন।

কলকাতায় ছিনতাই হওয়া আইফোন চট্টগ্রামে উদ্ধার, বুঝে পেলেন মালিক
মোবাইল ফোনটি ফেরত পেয়ে এর মালিক দীপান্বিতা সরকার ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম পুলিশকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 05:10 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

কলকাতায় ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন আড়াই মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। ফোনের মালিক দীপান্বিতা সরকার পরে তা বুঝে নিয়েছেন। 

গোয়েন্দা পুলিশের বন্দর-পশ্চিম জোনের উপ-কমিশনার (অতিরিক্ত ডিআইজি) আলী হোসেন জানিয়েছেন, নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে গোয়েন্দা পুলিশের বন্দর-পশ্চিম বিভাগের একটি দল ‘আইফোন-১৪ প্লাস’ সেটটি উদ্ধার করেছে। তারপর মোবাইল সেটটি কলকাতায় এর মালিক দ্বীপান্বিতা সরকারে কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে।” 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আলী হোসেন বলেন, “মোবাইলটির মালিকের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত খবরাখবর নিতে এসআই রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। ওনার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়। তিনি মোবাইল ফোনটি উদ্ধার করে কলকাতায় মালিকের কাছে ফেরত পাঠান।”

এদিকে ফোন পেয়ে দ্বীপান্বিতা সরকার এক ভিডিওবার্তায় বলেছেন, গত এপ্রিল মাসে কলকাতার জিঞ্জিরা বাজার এলাকা থেকে তার মোবাইল ফোনটি ছিনতাই হয়েছিল। তিনি মোবাইল ট্র্যাক করে বাংলাদেশের চট্টগ্রামে সেটির অবস্থান জানতে পারেন। 

“এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে যোগাযোগের পর সেখান থেকে রেসপন্স পাই। আই ক্লাউড থেকে বিভিন্ন তথ্য ফাঁসের চেষ্টা করা হত। সেগুলোর বিভিন্ন তথ্য আমার কাছে এসএমএস আসাত। আমি সেগুলো তাদের জানাতাম।”

মোবাইল ফিরে পেয়ে দ্বীপান্বিতা চট্টগ্রামের পুলিশকে ধন্যবাদও জানান।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাসখানেক আগে আমাদের অফিসিয়াল পেইজে এক ভারতীয় নাগরিকের মন্তব্য দেখে তার সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করি। 

“মোবাইলের মালিক তার মোবাইল হারানোর বিষয়ে পশ্চিমবঙ্গের মহেশতলা থানায় গত ২৫ এপ্রিল সাধারণ ডায়েরি করেছিলেন। সেসব তথ্য আমাদের কাছে পাঠানো হয়। এরপর থেকেই গোয়েন্দা পুলিশের একটি দল মোবাইল উদ্ধারে তৎপরতা শুরু করে এবং সেটি উদ্ধার করে।”

এডিসি তারেক বলেন, “মোবাইলের খোঁজে নেমে গোয়েন্দা পুলিশ একটি চক্রের সন্ধান পায়, যারা ভারত থেকে এধরনের মোবাইল চোরাই পথে চট্টগ্রামে এনে রেয়াজউদ্দিন বাজারের তামাকমুন্ডি লেইনের বিভিন্ন দোকানে সরবরাহ করে। এছাড়া বাংলাদেশ থেকে চুরি-ছিনতাই করা মোবাইল ফোন ভারত ও ভুটানে নিয়ে যায়।” 

এডিসি তারেক বলেছেন, চক্রের সদস্যরা গোয়েন্দা পুলিশের তৎপরতা বুঝতে পেরে মোবাইল ফোনটি গোয়েন্দা পুলিশের এসআই রবিউল ইসলামের কাছে এক ব্যবসায়ীর মাধ্যমে পাঠিয়ে দেয়। পরে সেটি ভারতে পাঠানো হয়।