চট্টগ্রাম-১১: কদমতলী থেকে প্রচার শুরু খসরুর
প্রচারের প্রথম দিন কদমতলী থেকে শুভপুর বাস স্ট্যান্ড পর্যন্ত গণসংযোগ করেন তিনি।
চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকা থেকে নির্বাচনি প্রচার শুরু করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তিনি হেঁটে প্রচার শুরু করেন। তার সঙ্গে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
শুরুতেই তিনি বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে গিয়ে বিভিন্ন ঘরের নারী-পুরুষদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট চান। এরপর তিনি আশপাশের মানুষের সঙ্গে করমর্দন করেন এবং নিজের পক্ষে ভোট প্রত্যাশা করেন।
এদিন কদমতলী থেকে শুভপুর বাস স্ট্যান্ড পর্যন্ত গণসংযোগ করেন আমীর খসরু।
প্রচারের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, “জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, এটা প্রধান বার্তা। জনগণ নির্ধারণ করবে বাংলাদেশ কোন দিকে যাবে, তার মালিকানা হবে ভোটের মাধ্যমে, তার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে।”
মাজার জিয়ারত করে আসলাম চৌধুরীর প্রচারণা শুরু
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও মহানগরীর দুটি ওর্য়াড)) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনি প্রচার শুরু করেছেন।
সকালে তিনি নগরীর কর্নেল হাটে হজরত মাঈনুদ্দিন শাহ (র.) এর মাজার জিয়ারত করেন।
এসময় তিনি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে কিছু নির্বাচনি লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট চান।
এরপর তিনি সীতাকুণ্ডের ছলিমপুর ওভারব্রিজ এলাকায় হজরত কালু শাহ (র.) এর মাজার জিয়ারত করেন এবং সংশ্লিষ্ট মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর ফৌজদারহাটসহ কয়েকটি এলাকায় নির্বাচনি প্রচার চালান তিনি।
বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে আসলাম চৌধুরীর সমর্থনে নির্বাচনি মিছিল হয়।
