১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বকেয়া বেতন: চট্টগ্রামে ৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

শ্রমিকদের অবরোধ থেকে সরে যাওয়ার তথ্য দিয়ে পুলিশ বলছে, এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 06:26 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

বেতন ও অতিরিক্ত কর্মঘণ্টার মজুরির দাবিতে চট্টগ্রামে অবরোধের ছয় ঘণ্টা পর সড়ক ছেড়েছেন আজিম গ্রুপের সোয়েটার কারখানার শ্রমিকরা।

শনিবার বিকাল সোয়া ৫টার দিকে শ্রমিকরা সড়ক থেকে চলে যেতে শুরু করেন; এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

চান্দগাঁও থানার ওসি নূর হোসেন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকদের বকেয়া পরিশোধের বিষয়ে কথা বলতে মালিক পক্ষ ও শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে থানায় বৈঠক চলছে।”

শ্রমিকদের অবরোধ থেকে সরে যাওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, “এখন গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।”

এর আগে সকাল ১১টা থেকে বন্দর নগরীর আরাকান সড়কের সিঅ্যান্ডবি মোড়ে অবরোধ করেন আজিম গ্রুপের দুটি সোয়েটার কারখানার শ্রমিকরা।

তাদের অবরোধের কারণে বহদ্দারহাট থেকে কালুরঘাটমুখী সড়কটি দিয়ে রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও রাঙামাটির কাপ্তাই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ-অবরোধে নামা শ্রমিকরা বলেন, চার মাসের অতিরিক্ত কর্মঘণ্টার মজুরি আর দেড় মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার মালিকপক্ষকে বললেও তারা কেবল আশ্বাস দিয়ে গেছে। শ্রমিকদের বেতন না দিয়ে গড়িমসি করায় তারা বিক্ষোভে নামেন।

পুলিশ বলছে, কালুরঘাট ভারী শিল্প এলাকায় আজিম গ্রুপের দুই সোয়েটার কারখানায় দেড় হাজারের বেশি শ্রমিক কর্মরত। অতিরিক্ত কর্মঘণ্টার বকেয়া মজুরি ও বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে সকাল থেকে বিক্ষোভ করেন। বেলা ১১টার পর থেকে তারা আরাকান সড়কের সিঅ্যান্ডবি মোড়ে অবস্থান নেন।

শিল্প পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, “মালিকপক্ষ দাবি করেছে, বেশ কয়েক মাস ধরে তাদের কোন অর্ডার নেই। তবুও তারা শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করেছিলেন। কিন্তু ওভারটাইম মজুরির জন্য শ্রমিকরা রাস্তায় নেমে গেছে।”

অবরোধ চলার সময়ে সেখানে শিল্প পুলিশ ও নগর পুলিশের টিমও অবস্থান নেয়। বিকাল ৫টার পর মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে পুলিশ।

আরও পড়ুন-বকেয়া বেতনচট্টগ্রামে সকাল থেকে সড়কে পোশাক শ্রমিকরা