০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

লোহাগাড়ার দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১১

দুদিন আগের ওই দুর্ঘটনায় আহত আরো দুজন এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2025, 01:36 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তাসনিয়া ইসলাম প্রেমা নামের ১৮ বছর বয়েসী ওই তরুণীর মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান। 

দুদিন আগের ওই দুর্ঘটনায় এ নিয়ে ১১ জনের মৃত্যু হল। ওই ঘটনায় আহত আরো দুজন এখন হাসপাতালে চিকিৎসাধীন। 

বুধবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়ায় এলাকায় চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও তিনজন। 

 এ দুর্ঘটনায় প্রেমার বাবা রফিকুল ইসলাম শামীম, মা লুৎফুন নাহার সুমি, আট বছর বয়েসী বোন লিয়ানা, ১৪ বছর বয়েসী বোন আনীষা এবং ফুফাত বোন তানিফা ইয়াসমিন এবং শামীমের পারিবারিক বন্ধু মুক্তার হোসেনও মারা গেছেন।

তাদের মধ্যে আনীষা ছাড়া অন্যরা ঘটনাস্থলে মারা যান। আনীষাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারি হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, রফিকুল ইসলাম শামীম পরিবার নিয়ে ঢাকার মিরপুরে থাকতেন। ওই মাইক্রোবাসে করে কক্সবাজারে যাচ্ছিলেন তারা। 

দুর্ঘটনায় মাইক্রোবাস চালক ইউসুফ আলী, যাত্রী দিলীপ বিশ্বাস ও তার স্ত্রী সাধনা মণ্ডল, সাধনার বাবা আশীষ মণ্ডলও মারা যান।  

দিলীপ বিশ্বাসের ছয় বছর বয়েসী মেয়ে আরাধ্যা বিশ্বাস এবং সাধনা মণ্ডলের ভাইপো দুর্জয় মণ্ডলএখনো হাসপাতালে চিকিৎসাধীন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত আরাধ্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই হাসপাতালের মালিক তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।