Published : 20 Feb 2026, 01:49 PM
ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ‘ফিরে এসেছে’ মন্তব্য করে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে শুক্রবার প্রথমবার চট্টগ্রামে আসেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমানবন্দরে দলের নেতাকর্মীরা স্বাগত জানান।
সে সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, "গণতান্ত্রিক অর্ডার ফিরে এসেছে। একটি নির্বাচিত সংসদ ও সরকার এসেছে। সমস্ত দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হবে। সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
চট্টগ্রামের উন্নয়নে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে তিনি বলেন, "চট্টগ্রামের উন্নয়ন তো বাংলাদেশের উন্নয়ন। সেদিকে তো কাজ করতেই হবে। অনেক বড় দায়িত্ব। দেকা যাক কি হয়, চেষ্টা করব সবাইকে নিয়ে।"
চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরের বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশ্নে আমির খসরু বলেন, "বাণিজ্যিক রাজধানীর সাথে অনেক কিছু সম্পর্কিত। সবকিছু নিয়ে আমরা কাজ করব। আশা করি সামনের দিকে যেতে পারব। ভালো করতে পারব।"
বিকেলে নগরীর মেহেদীবাগের বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের কথা রয়েছে অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ১৯৯১ সালের নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
একই আসন থেকে তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুনের দুই নির্বাচন এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। তবে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান তিনি।
২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর আমির খসরুকে বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০০৪ পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন।
আমির খসরুর বাবা মাহমুদুন্নবী চৌধুরী পাকিস্তান আমলে যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন।
পেশায় ব্যবসায়ী খসরু চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি। এক সময় তিনি সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন।