Published : 31 Dec 2023, 07:32 PM
আসন্ন সংসদ নির্বাচনে নাশকতার কোনো সুযোগ নেই জানিয়ে র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ভোটরদের নিরাপত্তার স্বার্থে যা যা করা দরকার, সবকিছুই র্যাব করবে।
রোববার চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ সদর দপ্তরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
খুরশীদ হোসেন বলেন, “সাংবিধানিকভাবে একটা মানুষের ভোট দেওয়ার অধিকার আছে। যদি কেউ মনে করে, সে ভোট দেবে না, তাহলে দেবে না…সেটা তার বিষয়। কেউ ভোট দিতে চাইলে তাকে বাধা দেওয়ার অধিকার কারও নেই, সে ভোট দেবে। যদি কেউ বাধা দিতে চায়, আমরা আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের কঠোর হস্তে দমন করব।”
নির্বাচনে নাশকতার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, “কে এমপি হবে, না হবে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হবে, সেটা নিশ্চিত করা। যারা ভোট দিতে যাবে, তাদের নিরাপত্তা দেওয়া।”
র্যাব মহাপরিচালক বলেন, “আমাদের কাছে সন্ত্রাসীরা শুধু সন্ত্রাসী, দলীয় কোনো পরিচয়ে নেই। নির্বাচনে শুধু অবৈধ অস্ত্র না, কেউ যদি বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে, তাদেরও আমরা ধরব।”
আগামী ৭ জানুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন খুরশীদ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্তি মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. মাহবুব আলম, র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবব আলম, ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।