চট্টগ্রামে প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ
সরকার পতনের পর থেকে শিথিল আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগে নগরীর মূল সড়কগুলোতেও দাপিয়ে বেড়াচ্ছিল ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক।
চট্টগ্রাম নগরীর প্রধান সড়কে বন্ধ রয়েছে ব্যাটারিচালিত রিকশা চলাচল।
নগর পুলিশের ট্রাফিক বিভাগের নির্দেশনার পর সোমবার থেকে শহরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে না।
চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে রোববার রাতে ট্রাফিক বিভাগের এক নির্দেশনায় বলা হয় ৯ সেপ্টেম্বর থেকে নগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা, অটো রিকশাসহ সকল ধরনের অবৈধ যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ ধরনের ব্যাটারিচালিত অবৈধ যানবাহন সড়কে চলাচল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সেখানে।
সোমবার সকাল থেকে নগরীর মূল সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেখা যায়নি।
ব্যাটারিচালিত রিকশা আগে শহরের প্রধান ও মূল সড়কে চলাচল করলে রিকশা জব্দসহ নানা ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করত ট্রাফিক পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাইয়ের শেষ দিকে অলিগলির পাশাপাশি নগরীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বাড়তে থাকে।
গত ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে শিথিল আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগে নগরীর মূল সড়কগুলোতেও অন্যান্য যানবাহনের মত দাপিয়ে বেড়াচ্ছিল ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক।
কিছুদিন ছাত্র-জনতা নিজেদের উদ্যোগে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যাটারিচালিত রিকশা ঠিকই মূল সড়কে ছিল। ধীরে ধীরে রাস্তায় ট্রাফিক পুলিশ নামলেও ব্যাটারিচালিত রিকশা চলছিল অনেকটা বাধাহীনভাবে।
এরমধ্যে রোববার সন্ধ্যায় নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের নিষেধাজ্ঞা দিয়ে নির্দেশনা জারি করে পুলিশ।
