Published : 31 Jan 2026, 09:02 PM
নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের আন্দোলনে রাজস্ব ক্ষতি ও দায়ীদের চিহ্নিত করতে ৬ সদস্যের কমিটি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুকের স্বাক্ষরিত এক অফিস আদেশে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে সেই কমিটিকে।
বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর মাযহারুল ইসলাম জুয়েলকে প্রধান করে কমিটিতে সদস্য সচিব করা হয়েছে ডেপুটি ট্রাফিক ম্যানেজার হাসিনা আরজুকে।
কমিটির অন্য সদস্যরা হলেন, চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাফসির উদ্দিন ভূইয়া, বন্দরের সিনিয়র ড্রেজিং মাস্টার লে. কমান্ডার আশিক মাহমুদ, বন্দরের উপ-পরিচালক (নিরাপত্তা) মেজর আনিস-উজ-জামান ও বন্দরের চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন।
আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। আন্দোলনের কারণে শনিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরের অভ্যন্তরে অপারেশনাল কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রমে প্রভাব পড়েছে। জাহাজে কাজ ঠিকঠাক চললেও ভেতরে গাড়ি প্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়া হয়। সবমিলিয়ে বন্দরের ক্ষতি নিরূপণ করতে কমিটি করা হয়েছে।
কমিটিকে ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি দায়ী ব্যক্তিদের তালিকা করা এবং ক্ষতিপূরণ আদায়ের উপায় বের করার সুপারিশ দিতেও বলা হয়েছে।
এনসিটিতে কর্মবিরতির আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার কর্মচারীকে শনিবার ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও আইসিটিতে বদলি করেছে বন্দর কর্তৃপক্ষ।
ওই চারজন হলেন- অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের অডিট সহকারী মো. হুমায়ুন কবীর, নৌ বিভাগের ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহীম খোকন, অর্থ ও হিসাব বিভাগের উচ্চ হিসাব সহকারী আনোয়ারুল আজীম এবং প্রকৌশল বিভাগের খালাসি ফরিদুর রহমান।
এর মধ্যে ইব্রাহীম খোকন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক, হুমায়ুন কবীর একই সংগঠনের প্রচার সম্পাদক, আনোয়ারুল আজীম ও ফরিদুর রহমান বন্দর শ্রমিকদলের সদস্য।
তারা এনসিটি বিদেশিদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনকারীদের নেতৃত্ব দিচ্ছেন।
যদিও বন্দরের পরিচালক ওমর ফারুক বলেছেন, “বদলির এ সিদ্ধান্ত নিয়মিত প্রক্রিয়ার অংশ। আন্দোলনের কারণে এ বদলি নয়।”