১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে শিক্ষাবিদ শায়েস্তা খান স্মরণে সভা

“উনাকে ভুলে যাওয়া সহজ না; এ ধরনের কালজয়ী মানুষ সমাজে সহজে উঠে আসবে না,” বলেন উপদেষ্টা ফারুক ই আজম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 12:05 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

চট্টগ্রামে প্রয়াত শিক্ষাবিদ ও ক্রীড়া সংগঠক অধ্যাপক শায়েস্তা খানের স্মরণে সভা হয়েছে।

শুক্রবার রাতে নগরীর থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে স্মরণসভা হয়েছে বলে আয়োজক সংগঠন ‘চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা’ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সভার প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “শায়েস্তা খান জনপ্রিয় শিক্ষক ছিলেন। আমি স্যারের বাসায় যেতাম। উনাকে ভুলে যাওয়া সহজ না। এ ধরনের কালজয়ী মানুষ সমাজে সহজে উঠে আসবে না।

“৫২ বছর স্যারের সঙ্গে ঘনিষ্ঠভাবে ছিলাম। শ্রদ্ধা ও ভালোবাসা ছাড়া দেওয়ার কিছু নেই।”

তিনি বলেন, “স্যার ক্রীড়া সংগঠক ছিলেন। মহানগরের শিশুকিশোরদের খেলার মাঠে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়বে, তাই তাদের মাঠে আনার তাড়না ছিল শায়েস্তা খানের।

“সরকার মেট্রোপলিটন ক্রীড়া সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন আইন, বিধি হবে। আশা করি বাস্তবায়নে পৌঁছাতে পারব।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, “১৯৭২ সাল থেকে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা করি। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন রফিক চৌধুরী। আমি আর শায়েস্তা খান মহানগরী ক্রীড়া সংস্থার কনসেপ্ট নিয়ে অনেক কাজ করেছি।

“এমন শ্রদ্ধা করার মত লোক সমাজে কম। ৪৩ বছর জুডিশিয়ারিতে আছি। আমার জীবনের অনেক মূল্যবান সময় ক্রীড়াঙ্গনে দিয়েছি। বয়সভিত্তিক অনেক খেলা আমরা চালু করেছি। আমি অধ্যাপক শায়েস্তা খান স্যারকে ভুলব না।”

স্মরণসভায় শায়েস্তা খানের ছেলে ইশতেয়াক আজিজ খান বলেন, “আমার বাবা একজন শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, একজন স্বপ্নদ্রষ্টা। তিনি চট্টগ্রামে বয়সভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা চালু করেছিলেন।

“খেলাধুলার সুযোগ না পেয়ে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। বয়সভিত্তিক সুস্থ সবল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। উনি চাইতেন, শিশুদের জন্য ঘরের কাছে খেলার মাঠ গড়ে উঠুক।”

স্মরণসভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ সভাপতিত্ব করেন।

সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, শায়েস্তা খানের মেয়ে ফারজানা জেসমিন খান, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দী,  চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি শাহীন আফতাবুর রেজা, সাংবাদিক জাহিদুল করিম কচি, ডেইলি পিপলস ভিউর সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।