চট্টগ্রামে পাঁচদিনের চিত্র কর্মশালা ও প্রদর্শনী
ছবির প্রদর্শনী হবে শেষ দুদিন।
কেবল ছবি আঁকা নয়, মানবিক অভিজ্ঞতা ও বহুমাত্রিক প্রকাশকে প্রাধান্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী চিত্র কর্মশালা ও প্রদর্শনী।
দি আর্ট রিভাইভাল ও জাপানের কাহাল গ্যালারির যৌথ উদ্যোগে চট্টগ্রাম শিল্প কলা একাডেমিতে শনিবার থেকে শুরু হওয়া এ চিত্র প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের পরিচালক মঁসিও ব্রুনো ল্যাক্রাম্পে।
দি আর্ট রিভাইলের আহ্বায়ক শিল্পী মনসুর কাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মশালায় দেশের ৩০ জন চিত্র শিল্পী অংশ নিয়েছেন। শনি ও রোববার শিল্পীরা কর্মশালার পাশাপাশি ছবি আঁকবেন।
সোমবার দর্শক ও শিল্পীদের মধ্যে চিত্র সমালোচনা অনুষ্ঠিত হবে এবং কর্মশালায় আঁকা ছবি নিয়ে মঙ্গল ও বুধবার দুই দিনের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মনসুর কাজী বলেন, “জাপানের কায়াল আর্ট গ্যালারি তত্ত্বাবধানে ও দি আর্ট রিভাইভ্যালের উদ্যোগে এ কর্মশালার মাধ্যমে শিল্পীদের শুধু ছবি আঁকা নয়, বরং মানবিক অভিজ্ঞতা, বহুমাত্রিক প্রকাশ, শিল্পীর নিজের চিন্তা, অনুভূতি, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কল্পনাকে প্রাধান্য দিয়ে থাকবে।”
মনসুর কাজী জানিয়েছেন এ ধরনের আয়োজনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিল্পীদের সংযোগ ঘটে।
দেশ-বিদেশে শিল্পকলা গবেষণার ক্ষেত্রে শিল্পীদের জন্য এটি একটি মুক্ত প্লাটফর্ম ও নবীন-প্রবীণ শিল্পীদের মধ্যে পারস্পরিক সংলাপ ও দেশীয় সংস্কৃতির বাস্তব প্রতিফলন ঘটে বলেও মন্তব্য করেন তিনি।।
আগামী নভেম্বরে এ ৩০ শিল্পী জাপানে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে অংশ নেবেন বলেও জানিয়েছেন মনসুর কাজী।
