ভারি বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু
এ দিন দুপুরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের রহমান নগর এলাকায় ঘরের দেয়াল ধসে একজনের প্রাণ যায়।
ভারি বৃষ্টিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের উপর পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরো ২ জন।
মঙ্গলবার বিকালে উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়ার ইউএনও নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টির মধ্যে ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়লে চাপা পড়ে রেনু আক্তার নামে ৫৫ ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হন।
ইউএনও বলেন, “ঝুঁকি বিবেচনায় নিয়ে ওই এলাকার লোকজনকে আগেই নিরাপদ স্থানে এবং আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য মাইকিং করেছিলাম। কিন্তু তারা সরে যায়নি।”
এ দিন দুপুরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের রহমান নগর এলাকায় ঘরের দেয়াল ধসে শফিকুল ইসলাম নামে ৩২ বছর বয়সি এক ব্যক্তির প্রাণ যায়। আহত হয় শিশু ও নারীসহ দুইজন।
চট্টগ্রামে রোববার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার অতি ভারি বর্ষণে রূপ নেয়। মঙ্গলবারও ভারি বর্ষণ অব্যাহত আছে।
মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে ৪১২ মিলিমিটার বৃষ্টি ঝরার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর; যা ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন-
