Published : 04 Nov 2025, 04:46 PM
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর চান্দগাঁও মৌলভীপুকুর পাড় এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহেদুল ইসলাম (৩১) পাঁচলাইশ হামজারবাগ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যাকাণ্ডের পর জাহেদুল আত্মগোপনে চলে গিয়েছিল। গভীর রাতে চান্দগাঁও মৌলভীপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”
পরে জাহেদুলকে নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থলের নালা থেকে ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি’ উদ্ধার করা হয় বলে ওসির ভাষ্য।
সোমবার বিকালে পাঁচলাইশ থানার হামজারবাগ সংগীত আবাসিক এলাকা থেকে মো. হাসিব (২৬) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছিল, এক ব্যক্তি হাসিবকে দুপুরে বাসা থেকে ডেকে নিয়েছিলেন। ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে হাসিবের ‘পরকীয়া’ ছিল এবং তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল।
পুলিশের সন্দেহ ছিল, ‘পরকীয়ার’ জেরে ওই নারীর স্বামী হাসিবকে খুন করে। ঘটনায় রাতে হাসিবের বড় ভাই ইমরান বিন ইসলাম পাঁচলাইশ থানায় মামলা করেন।
মামলায় বলা হয়, হাসিব ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। চার/পাঁচ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহেদুলের স্ত্রীর সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেম হয়।
“বিষয়টি জানতে পেরে জাহেদুল বিভিন্ন সময়ে হাসিবকে মোবাইলে ফোন করে হুমকি দিতেন। সোমবার দুপুরে চা খাওয়ার কথা বলে হাসিবকে বাসা থেকে ডেকে সংগীত আবাসিক এলাকায় নিয়ে যান জাহেদুল। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে জাহেদুল ছুরি দিয়ে হাসিবের বুকে ও পেটে আঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে তাকে গলায় ছুরিকাঘাত করা হয়।”
পুরনো খবর