Published : 11 Nov 2025, 01:40 PM
এক যুগ আগে চট্টগ্রামে এক হাজার টাকার ২৮টি জাল নোট নিয়ে ধরা পড়ার মামলায় এক ব্যক্তির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের অষ্টম মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা।
দণ্ডিত আবুল কাশেম (৪০) কক্সবাজারের উখিয়া থানার পশ্চিম হলদিয়া পালং গ্রামের মৃত আবুল বশরের ছেলে।
অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নোটগুলো জাল জানার পরও ব্যবহারের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম সাজা দিয়েছেন।”
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, দণ্ডিত আবুল কাশেম জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৩ সালের ২২ এপ্রিল নগরীর রাজাখালী ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে কাশেককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০০ টাকার ২৮টি জাল নোট উদ্ধার করা হয়।
ওই ঘটনায় চাক্তাই পুলিশ ফাঁড়ির এসআই মো. আবদুল করিম বাদী হয়ে বাকলিয়া থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (এ) ধারায় মামলা করেন।
২০১৪ সালের ২৯ জুন এ মামলায় কাশেমকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।