১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, তরুণ নিহত

সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 12:37 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছেন; আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন নিহত ছেলেটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল, তার বয়স আনুমানিক ১৭। পুলিশ নিহত-আহতদের পরিচয় এখনো নিশ্চিত করেনি। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামমুখী সড়কে সিএনজিচালিত অটোরিকশাকে মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন ও তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।"

প্রত্যক্ষদর্শীরা বলেন, বড়তাকিয়া এলাকায় সিএনজি অটোরিকশাটি রাস্তার বাম পাশে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল। এক যাত্রী ডান পাশে নেমে চালককে ভাড়া দেওয়ার সময় পেছন থেকে আসা মালবাহী ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।