১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ভিসা কেন্দ্রে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

কান্তি বড়ুয়া টুরিস্ট ভিসার জন্য আবেদন করেছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 09:48 PM

Updated : 17 Oct 2022, 09:57 PM

চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্রে অসুস্থ হয়ে এক ভিসা প্রার্থীর মৃত্যু হয়েছে ।

সোমবার বিকালে ভিসা কেন্দ্রে তিনি পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে মারা যান।

মৃত ব্যক্তির নাম অজিত কান্তি বড়ুয়া (৬৭), রাউজান উপজেলার আবুরখিলে তার বাড়ি।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অজিত বড়ুয়া বিকালে ভিসা কেন্দ্রে তার ভিসা সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় বৃষ্টি আসায় কেন্দ্রের ভেতরে গিয়ে চেয়ারে বসেন।

“চেয়ারে বসা অবস্থায় তিনি হঠাৎ সংজ্ঞা হারালে গেইটের বাইরে থাকা খুলশী থানা পুলিশের মোবাইল টিম তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ভারতীয় সহকারী হাই কমিশনের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তি ভিসা কেন্দ্রে পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং খুলশী থানা পুলিশ অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। অজিত বড়ুয়া টুরিস্ট ভিসার জন্য আবেদন করেছিলেন।