Published : 30 Jun 2025, 09:42 PM
চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা।
সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার ’চক্রান্ত’ বন্ধের দাবিতে আয়োজিত শ্রমিক সমাবেশে চট্টগ্রামের স্কপ নেতারা এ অভিযোগ করেন।
সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এএম নাজিম উদ্দিনের অভিযোগ, “লুকিয়ে থাকা ষড়যন্ত্রীরা চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে। গত ১০ দিনে বন্দর নিয়ে তিন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কখনো বলা হচ্ছে, সাইফ পাওয়ার টেকের সঙ্গে চুক্তি তিন মাস বর্ধিত করা হবে। আবার বলা হচ্ছে আগামী ছয় মাস বন্দর কর্তৃপক্ষ নিজেরাই এনসিটি পরিচালনা করবে।
‘‘এরপর আবার বলা হচ্ছে, নৌবাহিনী দ্বারা বন্দর পরিচালনা করা হবে। অর্থাৎ গত দশ দিনে এনসিটি নিয়ে সরকার ও বন্দর কর্তৃপক্ষের ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। এতে প্রতীয়মান হয় বন্দরকে সুষ্ঠুভাবে পরিচালনার চেয়েও বন্দরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই এক শ্রেণির বন্দর কর্মকর্তার মূল উদ্দেশ্য।‘‘
সমাবেশে স্কপ নেতারা বন্দর বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকার ও বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, বন্দর সিবিএ‘র সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মহিন উদ্দিন।
সমাবেশে নেতারা বলেন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত, আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও সর্বোচ্চ সক্ষমতাসম্পন্ন এনসিটি এখন দেশের সবচেয়ে সফল কন্টেইনার টার্মিনাল। এটিকে বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা জাতীয় স্বার্থবিরোধী এবং চরম আত্মঘাতী।