১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাঙ্গুতে ডুবল জামায়াত নেতাকর্মীদের নৌকা

চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে ভোটের প্রচারে নেমেছিলেন তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 11:48 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

নির্বাচনি প্রচারে নামা জামায়াতে ইসলামীর ১৪ নেতাকর্মী নিয়ে একটি নৌকা ডুবে গেছে সাঙ্গু নদীতে।

চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম আমিলাইশে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জামায়াতের নেতাকর্মীরা জানিয়েছেন।

নৌকাডুবির পর স্থানীয়দের সহায়তায় নেতাকর্মীরা উদ্ধার হন। এসময় সাঁতার না জানা তিনজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ওই তিনজন হলেন- নুরুল মনির, আবদুর রহমান ও আবদুল মোমেন। তারা সকলেই ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী।

আমিলাইশ ইউনিয়ন জামায়াতের আমীর মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাঙ্গু নদী পাড় হয়ে জেলে পাড়ায় শাহজাহান চৌধুরীর (চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী) পক্ষে নির্বাচনি প্রচারণায় যাচ্ছিলেন আমাদের নেতাকর্মীরা। নদী পারাপারের সময় সেটি ডুবে যায়।

“সেখানে আমাদের ১৩-১৪ জন নেতাকর্মী ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।”