১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

দশ বছর আগে তারা বিয়ে করেছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 03:18 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

চট্টগ্রামের বায়েজীদে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর থানার ফুলবাড়িয়া এলাকা থেকে শুক্রবার রাতে ঘাতক মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব-৭ বলছে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে দুটি ছুরি দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ গুম করার জন্য সুমন তার স্ত্রীর শরীর ১১ টুকরো করে।

গত ৯ জুলাই রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাট বাসার ভেতরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুমন তার স্ত্রী ফাতেমা বেগমকে (৩২) হত্যা করে বলে স্থানীয়দের ভাষ্য। ঘটনার পর স্থানীয়রা সুমনকে একটি কক্ষে আটকে রাখলেও গ্রিল ভেঙে পালিয়ে যায়।

র‌্যাব বলছে, ১০ বছর আগে সুমন ও ফাতেমার মধ্যে বিয়ে হয়। এরপর সুমন সৌদি আরব চলে যান। পরে ভিসা সংক্রান্ত জটিলতায় গত বছর তিনি দেশে ফেরেন। এরপর একটি পিকআপ কিনে নিজে চালাতেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বামী-স্ত্রীর মধ্যে অতীতে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হলে তা পারিবারিকভাবে মীমাংসা হয়। বাসায় কয়েকজন যুবক আসা নিয়ে ৯ জুলাই দুজনের মধ্যে ঝগড়া হয় এবং এর জেরে সুমন তার স্ত্রী ফাতেমাকে কুপিয়ে হত্যা করে।

হত্যার পর স্ত্রীর লাশ ১১ টুকরো করে বাথরুমের কমোডের মাধ্যমে ফ্লাশ করে গুমের চেষ্টা করে সুমন। পরে পাশের ফ্ল্যাটের লোকজন ও ভবনের দারোয়ান সেখানে গিয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সুমন গ্রিল ভেঙ্গে পালিয়ে যায়। 

এ ঘটনায় ফাতেমার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা করেন।