২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আসন পাল্টে মনোনয়নপত্র নিলেন আমীর খসরু

এর আগে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন চট্টগ্রাম-১০ আসন থেকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 09:55 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

দলীয় মনোনয়ন পাল্টানোর পর চট্টগ্রাম-১১ আসন থেকে মনোনয়নপত্র নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

রোববার চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। 

এর আগে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন চট্টগ্রাম-১০ আসন থেকে। আর চট্টগ্রাম-১১ আসনে তার ছেলে ইস্রাফিল খসরুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। 

শনিবার দল থেকে চট্টগ্রাম-১০ আসনের পরিবর্তে আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেয়। আর চট্টগ্রাম- ১০ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে। 

এদিন চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোট ৩৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ১৬ জন, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ১৮ জন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন নিয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড উপজেলা ও নগরীর ১১ ও ১২ নম্বর ওয়ার্ড) আসনে গণসংহতির জাহিদুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. সিরাজুদ্দৌলা,  গণ অধিকার পরিষদের এটিএম পারভেজ,  চট্টগ্রাম-৫ (হাটহাজারি উপজেলা ও নগরীর ১, ২ নম্বর ওয়ার্ড) আসনে এবি পার্টির মো. দিদারুল আলম ও স্বতন্ত্র প্রার্থী সাইফুদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা, চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসনে  এনসিপির মো. জোবাইরুল হাসান,  স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ চৌধুরী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া) আসনে গণসংহতির সৈয়দ হাসান মারুফ, বাংলাদেশ সম অধিকার পার্টির দীপক কুমার পালিত, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসন থেকে নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, জাতীয় পার্টির এমদাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইব্রাহীম ও গোলাম শাহাদাৎ বিটু মনোনয়নপত্র নিয়েছেন।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই উপজেলা) আসনের  জাতীয় পার্টির মোহা. এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনে গণঅধিকার পরিষদের রবিউল হাসান, ইনসানিয়াত বিপ্লবের গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা) আসনে মোয়াহেদুল মাওলা, চট্টগ্রাম-৬ (রাউজান উপজেলা) আসনে গণসংহতি আন্দোলনের নাছির উদ্দিন তালুকদার,  চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে খেলাফত মজলিসের মো. আবুল কালাম ও এলডিপির নুরুল আলম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) আসনে বিএনপির সৈয়দ মোহাম্মদ কাউছার, এবি পার্টির তৌহিদ হোসেন মজুমদার, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা উপজেলা) আসনে গণঅধিকার পরিষদের মো. মুজিবুর রহমান চৌং, বিএনপির হামিদুল ইসলাম, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান গণি, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা) আসন থেকে গণঅধিকার পরিষদের আরিফুল হক, বাংলাদেশ মুসলিম লীগের এহছানুল হক ও খেলাফত মজলিসের নেছার উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এছাড়া চট্টগ্রাম-১১ (ডবলমুরিং) আসনে  আমীর খসরু ছাড়া স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন ভূঁইয়া মনোনয়নপত্র নিয়েছেন।