Published : 18 Aug 2024, 01:25 PM
পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রামের সেন্ট স্কলাসটিকাস বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার সকালে কোতোয়ালি থানায় ওই শিক্ষার্থীর পরিবারের মামলার পর রাকিব উদ্দিন (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানান ওই থানার ওসি এস এম ওবায়েদুল হক।
মামলার আরেক আসামি সুরজিত পালকেও (৩৩) গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পাথরঘাটা এলাকার সেন্ট স্কলাসটিকাস বালিকা বিদ্যালয়ে রোববার দুপুরে স্কুল চলাকালীন সময়ে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে শিক্ষক দুইজনের বিরুদ্ধে। সোমবার মামলার পর নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, শিক্ষক রাকিব চতুর্থ শ্রেণির বিজ্ঞান এবং সুরজিত পঞ্চম শ্রেণির একই বিষয়ের শিক্ষক। ২০২৩ সালে বিভিন্ন সময়ে ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে হয়রানির চেষ্টা করেন দুই শিক্ষক। সবশেষ রোববার টিফিন বিরতির সময় ষষ্ঠতলায় নিয়ে তারা শ্লীলতাহানি করেন।
শিক্ষকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের বিষয়ে সেন্ট স্কলাসটিকাস বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।