১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডাকাতি, গ্রেপ্তার ৭

গ্রেপ্তার ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 05:47 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

চট্টগ্রামে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি নির্মাণাধীন কারখানায় ডাকাতির অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার ভোরে অর্থনৈতিক অঞ্চল এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর খোয়া যাওয়া বেশকিছু বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান, মো. রাকিব, সুজাউল হক, এমদাদুল হক এমরান, মিজান উদ্দিন, সাখাওয়াত হোসেন নাহিদ ও মো. ইউসুফ। তারা সবাই মিরসরাইয়ের বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত শনিবার গভীর রাতে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন কারখানায় ডাকাত দল হানা দেয়। 

“তারা সেখানে দায়িত্বরত প্রহরীদের মারধর ও জিম্মি করে তিনটি মোবাইল ফোন সেট, প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোববার জোরারগঞ্জ থানায় মামলা করা হয়।  

“পরে পুলিশ অভিযান চালিয়ে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে লুট করা বৈদ্যুতিক তারসহ কিছু মালপত্র উদ্ধার করা হয়।”

গ্রেপ্তার ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড দিয়েছে বলেও তথ্য দেন ওসি।