Published : 05 Apr 2026, 05:10 PM
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘ঘনিষ্ঠতার’ কথা বলে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তার কাছে চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অফিসারের পরিচয়পত্র এবং ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়ার কথা বলেছে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম রিযাদ বিন সেলিম (৪০), যিনি পুলিশের ভাষায় ‘পেশাদার প্রতারক’।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে নিজের তোলা ছবি দেখিয়ে রিয়াদ বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করতেন।
“রিয়াদ এক ব্যক্তিকে জামিন করিয়ে দেয়ার আশ্বাসে দুই লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নেন। পরে জামিন করিয়ে দিতে না পারায় পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে আরো ১৫ লাখ টাকা দাবি করে।”
পরে কামরুল হাসান নামে ওই ব্যক্তি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পটিয়া থানায় মামলা করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
“রিয়াদ একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছবিগুলো তৈরি করে থাকতে পারেন,” বলেন নাজমুল হাসান।
গ্রেপ্তার রিয়াদ গত ১৬ মার্চ ‘লায়ন রিয়াদ সেলিম’ নামে ফেইসবুক আইডিতে একটি ভবনের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকার ভিডিও শেয়ার করেন।
ভিডিওর সঙ্গে লেখেন, “একটানা দুই রাত দুই দিন এভাবে বাসার সামনে পুলিশ প্রোটকল ছিলো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ মহোদয় স্যার ভিয়েনা সফরে যাওয়ার আগ মুহূর্তে আমাদের দায়িত্ব ও কর্তব্য ছিলো প্রকট। আমি এবং আমার টিম যে ফ্ল্যাটে আছি, সে ফ্ল্যাটের চারপাশ এমনি নিরাপত্তা বেষ্টনীতে পরিণত রয়েছে আলহামদুলিল্লাহ।”
একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে দাঁড়িয়ে থাকা ছবিও পোস্ট করেন নিজের ফেইসবুকে।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে হেঁটে যাওয়া এবং হাত মেলানোর ছবিও পোস্ট করেন নিজের ফেইসবুকে।