Published : 02 Feb 2026, 10:35 PM
নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে আন্দোলনরত ১৫ কর্মচারীকে নতুন করে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছে।
সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়।
আদেশে বদলির কারণ হিসেবে ‘দাপ্তরিক প্রয়োজনের’ কথা বলা হয়েছে।
১৫ জনের মধ্যে সাতজনকে খুলনার মোংলা বন্দরে এবং আটজনকে পটুয়াখালীর পায়রা বন্দরে বদলি করা হয়।
এনসিটিকে আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওর্য়াল্ডকে ইজারা দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে শনিবার থেকে প্রতিদিন আট ঘন্টা করে কর্মবিরতি শুরু করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।
পরবর্তী সময়ে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকনকে পায়রা বন্দরে এবং অপর সমন্বয়ক মো. হুমায়ুন কবীরকে মোংলা বন্দরে বদলি করা হয়।
এই দুইজনকে গত শনিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঢাকার পানগাঁও আইসিটিতে বদলি করেছিল।
অন্যদের মধ্যে ফরিদুর রহমান, মো. শফিউদ্দিন, জহিরুল ইসলাম, লিয়াকত আলী, হুমায়ুন কবির, মো. রাব্বানি ও রাশিদুল ইসলামকে পায়রা বন্দরে এবং আবদুল্লাহ আল মামুন, খন্দকার মাসুদুজ্জামান, শাকিল রায়হান, মানিক মিজি, আমিনুর রসুল বুলবুল ও শামসু মিয়াকে মোংলা বন্দরে বদলি করা হয়েছে।
এনসিটির ইজারার বিরুদ্ধে আন্দোলন শুরুর পর দুই দিনে ১৬ জনকে বদলি করা হয়। এদের কাউকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও আইসিটিতে এবং কাউকে বদলি করা হয় কমলাপুর আইসিডিতে।
বদলির বিষয়ে সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা আন্দোলনের সম্পৃক্ত, তাদের হয়রানি করার জন্যই এ বদলি করা হয়েছে।
“এদের গত দুই দিনে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে বদলি করা হয়েছিল। আবার তাদের সেখান থেকে বদলি করা হলো। আমরা এর নিন্দা জানাই এবং বদলি প্রত্যাহারের দাবি জানাচ্ছি “
আরও পড়ুন