১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাউজানে মনোনয়নপত্র নিলেন আরও এক বিএনপি নেতা

দলের মনোনীত প্রার্থীর বাইরে এর আগে বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারও ওই আসনে মনোনয়নপত্র নেন।

রাউজানে মনোনয়নপত্র নিলেন আরও এক বিএনপি নেতা
জসীম উদ্দিন সিকদার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 10:31 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজানে) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছাড়াও আরেক নেতা জসীম উদ্দিন সিকদারও মনোনয়নপত্র নিয়েছেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসিম বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২০১৮ সালের নির্বাচনেও ওই আসনে প্রার্থী হয়েছিলেন তিনি।

জসিমের আগে বুধবার ওই আসনে বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারও মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রাউজানের রাজনীতিতে ঘুরে ফিরে এক পরিবারের সদস্যরাই বিএনপি ও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে আসছেন। ১৯৯৬ সালে এ আসনে বিএনপি থেকে গিয়াস কাদের চৌধুরী নির্বাচিত হন। সেখানে তার সঙ্গে আওয়ামী লীগের টিকেটে ভোটের লড়াইয়ে ছিলেন একই পরিবারের সদস্য তার চাচাতো ভাই ফজলে করিম চৌধুরী। ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ আসনে টানা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের ফজলে করিম, যিনি বর্তমানে কারাগারে আছেন। 

গত বছরের ৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর রাউজানের রাজনীতিতে গিয়াস উদ্দিন কাদের ও গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েছে। এর জেরে উত্তর জেলা বিএনপির কমিটি বাতিল করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দলীয় পদও স্থগিত করা হয়।

তবে গত ৫ ডিসেম্বর দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণার দিন গিয়াস উদ্দির কাদের চৌধুরীকে রাউজানে দলীয় মনোনয় দেয় বিএনপি। পরে মনোনয়ন প্রত্যাশী গোলাম আকবর খোন্দকারও মনোনয়নপত্র সংগ্রহ করেন। এবার ওই আসনে আরেক বিএনপি নেতা জসিম উদ্দিন সিকদার মনোনয়নপত্র নিলেন।

বৃহস্পতিবার চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোট আটজন মনোনয়ন সংগ্রহ করেন। 

চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির হুসাইন মুহাম্মদ শাহজাহান, জামায়াত ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম- ৩ (সন্দ্বীপ) জামায়াত ইসলামীর মুহাম্মদ আলা উদ্দিন, চট্টগ্রাম-৬ (রাউজান) জামায়াত ইসলামীর শাহজাহান মঞ্জু, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আবদুল হামিদ চৌধুরী ও বিএনপির মো. জসিম উদ্দিন সিকদার মনোনয়নপত্র নিয়েছেন।

এছাড়া চট্টগ্রাম-৫ (হাটাহাজারী) আসন থেকে ইনসানিয়াত বিপ্লবের আব্দুল বারেক চৌধুরী ও চট্টগ্রাম-১১ (বন্দর) আসন থেকে এবি পার্টির মোহাম্মদ লোকমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।