Published : 06 Aug 2025, 06:30 PM
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত এক নারী মারা গেছেন।
নমিতা নামে ৬২ বছর বয়সী ওই নারী চট্টগ্রামের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি বোয়ালখালী উপজেলায়।
বুধবার বিকালে চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারা যাওয়া নারী ‘ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ’ (সিওপিডি) এবং উচ্চ রক্তচাপেও ভুগছিলেন।
তার এ মৃত্যু নিয়ে গত দুই মাসে চট্টগ্রাম জেলায় ১০ জন কোভিডে মারা গেলেন।
জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কোভিড সংক্রমণ শুরুর পর মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন চট্টগ্রাম নগরীর, পাঁচজন বিভিন্ন উপজেলার এবং একজন নোয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় জেলার সাতটি সরকারি বেসরকারি হাসপাতালে ২৬ জনের নমুনা পরীক্ষা করা হলেও নতুন করে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।
চলতি বছরের এ পর্যন্ত জেলায় ২২৭ জন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২০৩ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার।
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২০ জন
চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন মৃত্যুর তথ্য নেই।
এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত জেলায় ৯৭১ জন ডেঙ্গু শনাক্ত হলেন। এর মধ্যে ৫২৯ জন পুরুষ, ২৮০ জন নারী ও ১৬২ জন শিশু।
অগাস্টের প্রথম পাঁচ দিনে ৯৬ জন ও জুলাই মাসে ৪৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জেলায় ডেঙ্গুতে চলতি বছরের এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে চলতি অগাস্ট মাসে। জুলাইয়ে মারা গেছেন সাতজন। নিহতদের মধ্যে নয়জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু।
চট্টগ্রামে এখন লাফিয়ে বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় চিকনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে ১২৩ জন, যা এ বছরের এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক। জুন মাস থেকে এখন পর্যন্ত জেলায় চিকনগুনিয়ার রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৬ জন।