Published : 02 Jun 2026, 12:47 PM
চট্টগ্রামের শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনায় দুর্গাপদ মল্লিক (৭৫) ও তার ছেলে বিধান মল্লিক (৪২) প্রাণ হারিয়েছেন। তাদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের সিংহরা গ্রামে।
স্বজন পিন্টু দাশ জানিয়েছেন, বিধান মল্লিক চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানের শিক্ষক ছিলেন।
কর্ণফুলী থানার এসআই মাহিন সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবজিবাহী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।
“অন্য মোটরসাইকেল আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুরুতর আহত বিধান মল্লিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দুর্ঘটনায় নিহত তার বাবা দুর্গাপদ মল্লিকের মরদেহও হাসপাতালে আনা হয়েছে।”
এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।
নিহতদের স্বজন পিন্টু দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাদের বাড়ি আনোয়ারা উপজেলার সিংহরা গ্রামে। বিধান মল্লিক মোটরসাইকেলে উনার বাবাকে নিয়ে শহর থেকে বাড়িতে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে পিকআপটি চাপা দেয়।”
বিধান মল্লিকের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে বলে জানান তিনি।
কর্ণফুলী থানার এসআই মাহিন সারওয়ার বলেন, “আমি চট্টগ্রাম মেডিকেলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।”
এর আগে সোমবার সকালে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরেক বাবা ও ছেলের মৃত্যু হয়েছিল।