১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাতারবাড়ি চ্যানেল নাব্য রাখতে ড্রেজিং শুরু

মাতারবাড়ি চ্যানেল দিয়ে কয়লাবাহী জাহাজ নিয়মিত চলাচল করছে। ভবিষ্যতে এলএনজি বহনকারী জাহাজেরও নিয়মিত চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

মাতারবাড়ি চ্যানেল নাব্য রাখতে ড্রেজিং শুরু
মাতাববাড়ি চ্যানেলে ড্রেজিং শুরু করা চীনের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন টিএসএইচডি ‘কিং কুপার’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 12:40 AM

Updated : 11 Sep 2026, 03:25 PM

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের চ্যানেল নাব্য রাখা এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন জাহাজ চলাচল নিশ্চিতের লক্ষ্যে ড্রেজিং শুরু হয়েছে। 

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিচালনাকারী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। 

এতে বলা হয়েছে, সম্প্রতি অতিরিক্ত পলি জমার কারণে চ্যানেলের বিভিন্ন স্থানের নাব্য কমে যাওয়ায় নির্ধারিত গভীরতা বজায় রাখা জরুরি হয়ে পড়েছে। 

এ প্রেক্ষাপটে চ্যানেলের নাব্যতা পুনরুদ্ধার এবং বাণিজ্যিক ও জ্বালানাবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ড্রেজিং কার্যক্রম গ্রহণ করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, বর্তমানে মাতারবাড়ি চ্যানেল দিয়ে কয়লাবাহী জাহাজ নিয়মিত চলাচল করছে। ভবিষ্যতে এলএনজি বহনকারী জাহাজেরও নিয়মিত চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বন্দরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মাতারবাড়ি চ্যানেলে বিদ্যমান ভূমিরূপের অবস্থা এবং পলি পরিবহনের ধরন বিশ্লেষণের ভিত্তিতে ড্রেজিংয়ের জন্য উপযোগী ও কার্যকর হিসেবে ট্রেইলিং সাকশান হুপার ড্রেজারকে (টিএসএইচডি) বেছে নেওয়া হয়েছে। চীনের একটি প্রতিষ্ঠানের এমন ড্রেজার ‘কিং কুপার’ এর মাধ্যমে ড্রেজিং শুরু হয়েছে।