Published : 12 Jul 2025, 08:36 PM
চট্টগ্রামে কোভিডে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
শনিবার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদীন সিদ্দিক (৫০) নামের এই রোগীর মারা যান বলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন।
এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মাসে চট্টগ্রাম জেলায় আটজনের মৃত্যু হল।
সিভিল সার্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়নাল আবেদীন ডায়বেটিস, নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন।
তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা।
তবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে কোনো কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
জুনের দ্বিতীয় সপ্তাহে কোভিড সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত জেলায় ১৯৩ জন রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১৭২ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া আটজনের মধ্যে তিনজন নগরীর, চারজন বিভিন্ন উপজেলার ও একজন নোয়াখালীর বাসিন্দা।
বাড়ছে ডেঙ্গু
শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টা চট্টগ্রাম জেলায় আরও ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ সংখ্যক।
চলতি মাসে প্রথম ১১ দিনে জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৪১ জন।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮ জন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এ বছর এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫৮৬ জন।
আক্রান্তদের মধ্যে ২৬৩ জন নগরীর এবং ৩২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ১০১ জনই বাঁশখালী উপজেলার বাসিন্দা।
ডেঙ্গু শনাক্ত হওয়াদের মধ্যে ৩৩১ জন পুরুষ, ১৬৬ জন নারী ও ৮৯ জন শিশু।
চলতি বছর ডেঙ্গুতে জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন জানুয়ারিতে এবং অন্যজন মে মাসে মারা যান।