Published : 30 May 2026, 05:14 PM
জিয়াউর রহমান ‘স্বাধীন সার্বভৌম আধুনিক’ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের সুযোগ আবার এসেছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিয়া নগরে জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় অর্থমন্ত্রী বলেন, "জিয়াউর রহমানের যে স্পিরিট, দেশের স্বাধীনতা, প্রথম মুক্তিযোদ্ধা, প্রথম বিপ্লবী, স্বাধীনতার ঘোষক, যিনি মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলেন। আজকে তার প্রথম সমাধিস্থলে আমরা সম্মান জানাতে এসেছি।
"তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এখানে সমবেত হয়েছি। তিনি আজ শুয়ে আছেন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সংসদের পাশে। যে গণতন্ত্রের জন্য তিনি একদলীয় শাসন থেকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ ঘটিয়েছেন, আজকে সংসদের পাশে তিনি শুয়ে আছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।"

আমির খসরু বলেন, "মুক্তিযুদ্ধের নায়ক, যুদ্ধক্ষেত্রে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি প্রথম রিভল্ট করেছিলেন। এবং বাংলাদেশকে আধুনিক, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছিলেন। সেই পথ আজকে আমরা ফিরে পেয়েছি তারেক রহমানের নেতৃত্বে।
"আজকে দেশ সেদিকে চলছে। দেশ গড়ার যে স্বপ্ন তারেক জিয়ার ছিল, সেই স্বপ্ন আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে যাচ্ছি সবাই মিলে।"
অর্থমন্ত্রী বলেন, "জিয়াউর রহমান স্বাধীন সার্বভৌম আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই বাংলাদেশ গড়ার সুযোগ আবার পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে। আমরা সবাই মেলে দেশ গড়ব।"
অন্যদের মধ্যে সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহ, নগর বিএনপির নেতা আবুল হাশেম বক্কর ও নাজিমুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে দলের নেতা-কর্মীরা জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।