Published : 02 Apr 2026, 11:09 PM
সারাদেশে অবৈধভাবে তেল মজুদের বিরুদ্ধে অভিযানের মধ্যে চট্টগ্রামের একটি লাইটার জাহাজ থেকে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকালে নগরীর সদরঘাটের কাছে কর্ণফুলী নদীতে ‘ওটি কোরবান আলী শাহ‘ নামের সে লাইটার জাহাজ বা ছোট জাহাজে নৌবাহিনী ও কোস্টর্গাড সদস্যদের নিয়ে অভিযান চালান চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি।
বন্দর সচিব সৈয়দ রেফাত হামিম বলেন, অভিযানে অবৈধভাবে মজুদ করা মোট ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রে সাদিয়া বলেন, তারা যে ডিজেল মজুদ করেছে তার কোনো ক্রয়াদেশ বা চাহিদার স্বপক্ষে যথাযথ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তারা বিভিন্ন সময়ে রাষ্ট্রায়ত্ত জ্বালানি পণ্য বিপণন সংস্থা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো থেকে তেল সংগ্রহ করে তা অবৈধভাবে মজুদ করেছে বলে প্রতীয়মান হয়।
বন্দর সচিব বলেছেন, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি খাতে চাপ তৈরি হওয়ার প্রেক্ষাপটে সরকার জ্বালানি সরবাহে নানা পদক্ষেপ নিয়েছে। অবৈধভাবে তেল মজুদের পরিপ্রেক্ষিতে সরকার যে অভিযান চালাচ্ছে তাতে গেল এক মাসে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করার তথ্য দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।