১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে সেই খালের আরেকটি কালভার্টের দুই পাশ দেবে গেছে, সড়কে ফাটল

কালভার্টের দেয়াল ধরেছে এবং দুই পাশ দেবে গেছে। এ ছাড়া মাটি সরে গিয়ে সড়কে ফাটল দেখা দিয়েছে।

চট্টগ্রামে সেই খালের আরেকটি কালভার্টের দুই পাশ দেবে গেছে, সড়কে ফাটল
চট্টগ্রাম নগরের শীতল ঝরনা খালের ওপর দুই পাশের মাটি সরে গিয়ে সড়কে ফাটল ধরেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 10:08 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

একদিন আগে যে শীতল ঝরনা খালের উপর সেতু ভেঙে পড়েছিল, সেই খালের উপর আরেকটি কালভার্টও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 

নগরীর বায়েজিদ বোস্তামি সড়কে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সংলগ্ন সড়কে ওই কালভার্টটির দুই পাশ দেবে গেছে। 

এছাড়া দুই পাশের মাটি সরে গিয়ে সড়কে ফাটলও দেখা দিয়েছে। 

খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ কালভার্টটি সংস্কারের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। 

তার আগে বৃহস্পতিবার ভোরে নগরীর দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝরনা খালের উপর একটি সেতু ভেঙে পড়ে। এতে সড়কের একাংশও ক্ষতিগ্রস্ত হয়। 

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ভাঙা সেতু ও সড়ক দেখে সেখানে মেরামত কাজ শুরুর নির্দেশনা দেন মেয়র। 

এরপর শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে একই খালের উপর আরেকটি ঝুঁকিপূর্ণ কালভার্টের তথ্য পান তিনি। 

এই কালভার্টের খুঁটিও ইটের তৈরি।

কালভার্টটি পরিদর্শনে গেলে স্থানীয় বাসিন্দারা মেয়রকে দেখান, কালভার্টের দুই পাশে সড়কের প্রান্তে ফাটল দেখা দিয়েছে। এছাড়া কালভার্টের ইটের দেয়ালেও ফাটল ধরেছে। 

পরে শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে এ ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে প্রকৌশলগত সমাধান এবং ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে যান চলাচল স্বাভাবিক রাখতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

পুরনো খবর:

'ইটের গাঁথুনির পুরনো সেতু', ধসে পড়ে পাহাড়ি ঢলের চাপে

বৃষ্টির পানির তোড়ে চট্টগ্রাম নগরে ধসে পড়ল সেতু