Published : 23 Dec 2025, 08:35 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-৫ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব আনিসুল ইসলাম মাহমুদ।
মঙ্গলবার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত আওয়ামীলীগ সরকারের আমলে মহাজোটের প্রার্থী হিসেবে চার বার সংসদ সদস্য ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ মন্ত্রীর দায়িত্বেও ছিলেন।
এদিন চট্টগ্রামের তিন রিটানিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ৩১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভাগীয় কমিশনার ও তার সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মঙ্গলবার ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয় থেকে তিন জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোয়ন সংগ্রহ করেছেন ১৮ জন।
বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন নিয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারি উপজেলা ও নগরীর ১, ২ নম্বর ওয়ার্ড) আসনে গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা, চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের আবদুল মোমেন চৌধুরী, এনসিপি’র মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সেন্টু, বাংলাদেশ খেলাফত মজলিসের হোমায়েদ রাশেদ, আমার বাংলাদেশ পার্টির মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, নাগরিক ঐক্যের মো. নুরুল আবছার মজুমদার, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসন থেকে এনসিপি প্রার্থী সেগুপ্তা বুশরা মিশমা ও স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল সালাম।
এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম-১ (মিরসরাই উপজেলা) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল করিম, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা) আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সাল, চট্টগ্রাম-৬ (রাউজান উপজেলা) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া উপজেলা) আসনে এবি পার্টির মো. আবদুর রহমান মনোনয়ন সংগ্রহ করেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ আবু তালেব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ, জাতীয় পার্টির মোহাম্মদ নুরুচ্ছফা, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা উপজেলা) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ, সাতকানিয়া আংশিক) আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, এহছানুল মৌলা, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুল মালেক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া চট্টগ্রাম-১১ (ডবলমুরিং) আসনে এ কে এম আবু তাহের, নুর উদ্দিন নাহিদ নিয়াজ ও বাংলাদেশ খেলাফত মজলিসের রিজওয়ানুল ওয়াহেদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ।