১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগি রেখেই চলে গেল ‘কক্সবাজার এক্সপ্রেস’

“ট্রেনটি গোমদণ্ডী স্টেশন অতিক্রম করে আউটারে যাওয়ার পর হুক ভেঙে বগিটি আলাদা হয়ে যায়,” বলেন স্টেশন মাস্টার আনোয়ারুল হক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 07:36 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

কক্সাবাজার থেকে ঢাকাগামী ‘কক্সাবাজার এক্সপ্রেস’ ট্রেনের হুক ভেঙ্গে গিয়ে একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। 

শনিবার বিকালে বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন পার হওয়ার পর বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বগি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ট্রেনটি কক্সবাজার স্টেশন ছেড়ে আসে। বিকাল ৩টার পর গোমদণ্ডী স্টেশন পার হওয়ার পর ট্রেনের সর্বশেষ বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়। 

এটাকে বলা হয় ‘গার্ড ব্রেক বগি’। এ বগিতে থাকেন ট্রেন পরিচালক বা গার্ড। সেখানে ক্যান্টিন ও ১৫টি যাত্রীর আসনও থাকে। 

গোমদণ্ডী স্টেশন মাস্টার আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেশন অতিক্রম করে আউটারে যাওয়ার পর বিকাল তিনটা ৮ মিনিটের দিকে হুক ভেঙ্গে বগিটি আলাদা হয়ে যায়।

পরে বগিটি রেখে তিনটা ৫৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বলে জানান তিনি। 

এদিকে একমুখী লাইন হওয়ায় বগি বিচ্ছিন্ন হয়ে চট্টগ্রাম-কক্সবাজার লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি চট্টগ্রামে নিয়ে আসে।

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম ছাড়তে দেরি করে। 

গোমদণ্ডী স্টেশন মাস্টার আনোয়ারুল বলেন, ট্রেনটি বিকাল তিনটা ৪২ মিনিটে গোমদণ্ডী স্টেশনে আসার কথা। কিন্তু লাইন বন্ধ থাকায় ট্রেনটি দেরি করে চট্টগ্রাম ছেড়েছে। 

সন্ধ্যা পৌনে ৭টায় ট্রেনটি জালানিহাট স্টেশনে অবস্থান করছিল জানিয়ে তিনি বলেন, উদ্ধার করে নিয়ে যাওয়া বগিটি জালানিহাট গেলে প্রবাল এক্সপ্রেস ছেড়ে আসবে।