২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড দুই দলের হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সাবেক ব্যাটসম্যান কোচ হিসেবে শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 10:57 AM

Updated : 29 Sep 2026, 10:57 AM

আইরিশ ক্রিকেটে জয়েস পরিবার মিশে আছে প্রবলভাবে। সেই পরিবারের সবচেয়ে বিখ্যাত সন্তান এবার শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। এড জয়েসকে হাই পারফরম্যান্স ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

জয়েস তার কাজ শুরু করবেন অবিলম্বে এবং ছেলেদের জাতীয় দলের কোচিংয়ের পাশাপাশি তাদের আইরিশ ক্রিকেটের প্রতিভা তুলে আনা ও বিকাশের প্রক্রিয়াতেও যুক্ত থাকবেন।

খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ড, আয়ারল্যান্ড দুই দলেরই প্রতিনিধিত্ব করেছেন জয়েস। আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ১ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি। ২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে তার অভিষেক। ২০০৭ বিশ্বকাপসহ খেলেছেন ১৭ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি। চার বছর পর নতুন করে ক্যারিয়ার শুরু করেন তিনি জন্মভূমি আয়ারল্যান্ডের হয়ে।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরপরই আয়ারল্যান্ডের নারী জাতীয় দলের কোচ হিসেবে কাজ শুরু করেন। সেই পথচলা শেষ হয় গত বছলের এপ্রিলে। এরপর তিনি কাউন্টি দল গ্লষ্টারশায়ার ও সম্প্রতি ইউরোপিয়ান প্রিমিয়ার লিগের দল ডাবলিন গার্ডিয়ান্সে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন।

আইরিশ ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত জয়েস বললেন, এটিই তার কাছে সবসময়ই প্রাধান্য পেয়েছে।

“খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর আমার জন্য সবসময়ই সবচেয় অগ্রাধিকার ছিল আইরিশ ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা। সাম্প্রতিক বছরগুলোয় যখন আয়ারল্যান্ড দলটির দিকে তাকাই, তখন এটা স্পষ্ট বোঝা যায় যে আন্তর্জাতিক মঞ্চে আমাদের ছেলেদের লড়াকু হিসেবে গড়ে তোলার জন্য পর্দার আড়ালে কতটা কঠোর পরিশ্রম করা হয়েছে।

এখন এই প্রক্রিয়ায় যুক্ত হতে পেরে এবং ব্যাটিং বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি আমি। প্রতিভা এখানে আছে, এখন লক্ষ্য হলো ধারাবাহিকতা বজায় রাখা।”

প্রধান কোচ গ্যারি উইলসন এবং হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রায়েম ওয়েস্টের সঙ্গে কাজ করবেন জয়েস। আয়ারল্যান্ডের পরবর্তী বড় আসর ২০২৭ বিশ্বকাপের বাছাইপর্ব, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত হবে আসরটি।

এড জয়েসের বড় ভাই গাস জয়েস ও ছোট ভাই ডম জয়েসও ছিলেন ক্রিকেটার। তাদের ছোট দুই জমজ বোন ইসোবেল জয়েস ও সিসিলিয়া জয়েস আয়ারল্যান্ডের নারী ক্রিকেটের বড় নাম, দুজনই আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন প্রায় দেড় যুগ।