দিল্লি টেস্ট শেষ ওয়ার্নারের
তার কনকাশন বদলি হিসেবে নেওয়া হয়েছে ম্যাট রেনশকে।
ভারতের বিপক্ষে চলমান দিল্লি টেস্টে ডেভিড ওয়ার্নারকে আর পাবে না অস্ট্রেলিয়া। প্রথম দিন মোহাম্মদ সিরাজের বলে হেলমেটে আঘাত পাওয়ায় ম্যাচ থেকে ছিটকে গেছেন এই ওপেনার। তার কনকাশন বদলি হিসেবে নেওয়া হয়েছে ম্যাট রেনশকে।
সিরিজের দ্বিতীয় এই টেস্টে শুক্রবার প্রথম দিনের অষ্টম ওভারে সিরাজের গতিময় বাউন্সারে কনুইয়ে আঘাত পান ওয়ার্নার। দশম ওভারে ভারতীয় পেসারের আরেকটি বাউন্সারে হেলমেটে আঘাত পান বাঁহাতি ব্যাটসম্যান। খানিক পর মোহাম্মদ শামির বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ১৫ রান করে।
দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে জানানো হয়, এই ম্যাচে আর খেলতে পারবেন না ওয়ার্নার।
রেনশ নাগপুরে প্রথম টেস্টে দুই ইনিংসে করেন শূন্য (০) ও ২ রান, অস্ট্রেলিয়া হারে ইনিংস ব্যবধানে। দ্বিতীয় টেস্টে ট্রাভিস হেডের কাছে একাদশে জায়গা হারান তিনি। এবার ম্যাচের মাঝে সুযোগ পেয়ে গেলেন অপ্রত্যাশিতভাবে।
