০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

'ইংল্যান্ড আমাদের ছোট করে দেখেছে’, বললেন থিকশানা

মাহিশ থিকশানার মতে, শ্রীলঙ্কাকে সেভাবে মূল্যায়ন না করার কারণেই হেরেছে ইংল্যান্ড।

'ইংল্যান্ড আমাদের ছোট করে দেখেছে’, বললেন থিকশানা

ইংল্যান্ডের বেন স্টোকসকে এলবিডব্লিউ করে উচ্ছ্বসিত মাহিশ থিকশানা, পরে অবশ্য রিভিউয়ে সিদ্ধান্তটি পাল্টে যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2023, 02:13 PM

Updated : 27 Oct 2023, 02:27 PM

প্রথম চার ম্যাচের তিনটিতেই পরাজয়, জয় কেবল নেদারল্যান্ডসের বিপক্ষে। বিশ্বকাপে এমন শুরু করা শ্রীলঙ্কাই উড়িয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। লঙ্কান স্পিনার মাহিশ থিকশানার মতে, তাদেরকে ঠিকমতো মূল্যায়ন না করার কারণেই এভাবে নাস্তানাবুদ হয়েছে ইংলিশরা।  

বেঙ্গালোরে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে স্রেফ ১৫৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। পরে ২ উইকেট হারিয়ে ২৫.৪ ওভারেই ম্যাচ জিতে যায় ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। টানা তিন ম্যাচ হেরে আসর শুরুর পর তাদের টানা দ্বিতীয় জয় এটি। 

প্রথম তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে শ্রীলঙ্কা। চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আসরে প্রথম জয় পায় তারা।

ইংল্যান্ডের অবস্থাও ছিল প্রায় একইরকম। চার ম্যাচে তারাও জিতেছিল স্রেফ একটি। তবু শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে তাদের জয়ের সম্ভাবনাই অনেকে বেশি দেখেছিল। মাঠের লড়াইয়ে যা উল্টে গেছে।

জয়ের পর সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের মনোভাব নিয়ে নিজের অনুমানের কথা বলেন থিকশানা।

“আমার মনে হয়, আমাদের দলকে তারা ছোট করে দেখেছিল। কারণ আমরাও তিন ম্যাচ হেরেছিলাম এবং শুধু নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছিলাম। আমার মতে, তারা আমাদের সেভাবে মূল্যায়ন করেনি। এজন্যই ফল আমাদের পক্ষে এসেছে। আমরা নিজেদের শক্তির ওপর জোর দিয়েছি, সহজ পরিকল্পনায় এগিয়েছি। তাই আমরা জিতেছি।”

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রান করে অনায়াসে জেতে দক্ষিণ আফ্রিকা। নিজেদের পরের ম্যাচে লঙ্কানরা ৩৪৪ রানের বড় সংগ্রহ গড়ে; কিন্তু রেকর্ড রান তাড়ায় ১০ বল হাতে রেখেই জিতে যায় পাকিস্তান। আর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা ২০৯ রানে গুটিয়ে যাওয়ার পর ৩৫.৫ ওভারেই ম্যাচে জিতে নেয় অস্ট্রেলিয়া।

শুরুর ম্যাচগুলোয় হারের পেছনে বোলিং ব্যর্থতাকেই বড় কারণ হিসেবে দেখেন থিকশানা। আর তা নিয়ে কাজ করেই সাফল্য মিলেছে বলে মনে করেন থিকশানা।  

“প্রথম চার ম্যাচে আমরা মাঝের ওভারে ভালো বোলিং করিনি। আমার মতে, বোলিংয়ের কারণে আমরা তিনটি ম্যাচ হেরেছি। তাই আরও নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য আমরা কিছু অনুশীলন সেশন করেছি। ফাস্ট বোলাররা কঠোর পরিশ্রম করেছে। তাই তারা জানত, এই ম্যাচে তাদের কী করতে হবে।”