ভারতের বিপক্ষে দাহানিকে পাচ্ছে না পাকিস্তান
সম্ভাব্য সাইড স্ট্রেইনের চোটের কারণে এশিয়া কাপের বাকি অংশেও এই পেসারের খেলা নিয়ে অনিশ্চয়তা জেগেছে।
এশিয়া কাপের সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের আগে জোর ধাক্কা পাকিস্তান শিবিরে। চোটের কারণে হাইভোল্টেজ ম্যাচটি থেকে ছিটকে গেছেন পেসার শাহনওয়াজ দাহানি।
ভারতের বিপক্ষে রোববারের ম্যাচে দাহানিকে না পাওয়ার বিষয়টি বিবৃতি দিয়ে শনিবার জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার হংকংয়ের বিপক্ষে বোলিং করার সময় সাইড স্ট্রেইনের চোট পান ২২ বছর বয়সী দাহানি।
পিসিবির বিবৃতি অনুযায়ী, তাদের মেডিকেল টিম পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘন্টা দাহানিকে পর্যবেক্ষণ করবেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে যে, দাহানি এশিয়া কাপের বাকি অংশে খেলতে পারবেন কিনা।
দাহানির চোট নিঃসন্দেহে পাকিস্তানের পেস আক্রমণের ধার অনেকটাই কমিয়ে দেবে। কেননা চোটের কারণে আগে থেকেই এশিয়া কাপের দলে নেই প্রথম পছন্দের দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।
দাহানির বিকল্প হিসেবে দলে জায়গা পেতে পারেন অভিজ্ঞ পেসার হাসান আলি বা মোহাম্মদ হাসনাইনের মধ্যে একজন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে উড়িয়ে টুর্নামেন্টের সুপার ফোরে উঠেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১৯৩ রান করার পর প্রতিপক্ষকে মাত্র ৩৮ রানে গুটিয়ে দেয় বাবর আজমের দল। ওই ম্যাচে ২ ওভার বোলিং করে ৭ রানের বিনিময়ে ১ উইকেট নেন দাহানি।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছিল পাকিস্তান।
